সোনা কেনার সময় আমরা সবাই ইন্টারনেটে বা টিভিতে ২২ ক্যারেট সোনার আজকের দাম দেখে দোকানে যাই। কিন্তু দোকানে গিয়ে যখন মেমো তৈরি করা হয়, তখন দেখা যায় মোট বিল বেশ কয়েক হাজার টাকা বেশি এসেছে! এর মূল কারণ হলো ভ্যাট (VAT) এবং মেকিং চার্জ। অনেক ক্রেতাই ভ্যাটের বিষয়টি এড়িয়ে যেতে চান বা সাদাকাগজে মেমো নেন। আজকের আর্টিকেলে আমরা সোনার ভ্যাটের নিয়ম এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করব।
বাংলাদেশে সোনা কেনার ওপর ভ্যাট কত?
বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী, দেশের যেকোনো জুয়েলারি দোকান থেকে সোনার গহনা, রূপার গহনা বা হীরার গহনা কিনলে ক্রেতাকে ৫% ভ্যাট (Value Added Tax) প্রদান করতে হয়।
ভ্যাট কীভাবে হিসাব করা হয়?
ভ্যাট কখনোই শুধু সোনার দামের ওপর ধরা হয় না। ভ্যাট ধরা হয় (সোনার দাম + মেকিং চার্জ) এর যোগফলের ওপর।
উদাহরণ:
- ধরা যাক, ১ ভরি ২২ ক্যারেট সোনার দাম = ১,৩০,০০০ টাকা।
- গহনাটির মেকিং চার্জ (মজুরি) = ৪,০০০ টাকা।
- সাব-টোটাল = ১,৩৪,০০০ টাকা।
- ভ্যাট (৫%): ১,৩৪,০০০ টাকার ৫% = ৬,৭০০ টাকা।
- সর্বমোট বিল: ১,৪০,৭০০ টাকা।
এই সম্পূর্ণ হিসাবটি এক ক্লিকে করতে আপনি আমাদের গোল্ড ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
ভ্যাট ফাঁকি দেওয়া কি বুদ্ধিমানের কাজ? (সাদাকাগজে মেমো)
৫% ভ্যাট মানে লাখে ৫ হাজার টাকা! এই বিশাল অঙ্কটি বাঁচাতে অনেক ক্রেতা দোকানদারকে অনুরোধ করেন ভ্যাট ছাড়া কাঁচা মেমো বা সাদাকাগজে রসিদ দেওয়ার জন্য। দোকানদারও খুশি হয়ে ভ্যাট ছাড়া মেমো দিয়ে দেন। কিন্তু এটি একটি মারাত্নক ভুল!
| ভ্যাট রসিদ ছাড়া সোনার ক্ষতি |
|---|
| ১. বিক্রিতে হয়রানি: ভবিষ্যতে আপনি যখন গহনাটি বিক্রি বা এক্সচেঞ্জ করতে যাবেন, দোকানদার ভ্যাট রসিদ ছাড়া ওই গহনা কিনবে না অথবা বিশাল অঙ্কের টাকা (প্রায় ৩০-৪০%) কেটে রাখবে। |
| ২. আইনগত সমস্যা: ভ্যাট রসিদ ছাড়া বড় অঙ্কের সোনা বহন করা বা ঘরে রাখা বেআইনি। যেকোনো সময় আইনি জটিলতায় পড়তে পারেন। |
| ৩. প্রতারণার শিকার: দোকানদার যদি ভেজাল সোনা দেয়, আপনি ভ্যাট মেমো ছাড়া ভোক্তা অধিকারে বা বাজুসে কোনো অভিযোগ করতে পারবেন না। |
← → স্ক্রল করে সম্পূর্ণ টেবিল দেখুনScroll sideways to see the full table
শেষ কথা
লাখ টাকা দিয়ে সোনা কিনে ৫ হাজার টাকা ভ্যাট বাঁচাতে গিয়ে নিজের সম্পদকে ঝুঁকিতে ফেলবেন না। সবসময় কম্পিউটারে প্রিন্ট করা (যেখানে BIN/VAT নম্বর আছে) অরিজিনাল রসিদ সংগ্রহ করুন এবং তা যত্ন করে আলমারিতে রেখে দিন।